দিনাজপুরে চীনা নাগরিকসহ ১৭ জন কোয়ারেন্টাইনে

করোনাভাইরাসের কারণে দিনাজপুরে বিদেশ থেকে আসা ৩ জন চীনা নাগরিকসহ ১৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ।

তিনি জানান, গত ১০ মার্চ থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ৩ চীনা নাগরিক, কাহারোল উপজেলায় একজন, বিরামপুরে ৬ জন, খানসামায় ৩ জন, পার্বতীপুরে একজন ও সদর উপজেলায় ৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে তাদের মধ্যে করোনা ভাইরাসের কোন প্রকার লক্ষণ নেই বলেও জানান তিনি।

এদিকে দিনাজপুরে কি পরিমাণে বিভিন্ন দেশ থেকে নাগরিক ফিরেছে এমন তথ্য পুলিশের পক্ষ থেকে দেয়া হলেও সেখানে কারও নাম, ঠিকানা বা মোবাইল নাম্বার নেই। শুধু পাসপোর্টের নাম্বার আছে। বেশ কয়েকটি পাতার এই তথ্যে দিনাজপুর, রংপুর, প গড়, ঠাকুরগাঁও কিংবা যশোরসহ বিভিন্ন জেলার নাগরিক রয়েছেন যারা বিদেশ থেকে এসেছেন। এখান থেকে দিনাজপুরের কারা তা আলাদা করার উপায় নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন।

অপরদিকে কোয়ারেন্টাইন না মানায় দিনাজপুরের বীরগঞ্জে ২ জনের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়ামিন হোসেন এই জরিমানার আদেশ দেন। তাদের মধ্যে বীরগঞ্জ পৌরসভার এক ব্যাক্তির কাছে ২০ হাজার টাকা ও পাল্টাপুর এলাকায় এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও করোনা ভাইরাসের ঝুকি এড়াতে সরকারী নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালানোর দায়ে জেলার খানসামা উপজেলার ২টি কোচিং সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম এই জরিমানা আদায় করেন। তিনি জানান, দন্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী খানসামা বাজারের ‘ফোর জি কোচিং সেন্টার’কে ১৫ হাজার ও পাকেরহাটের ‘আলোর কণা কোচিং সেন্টার’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলায় এসব অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর