সীমান্তে সোয়া ৯ কোটি টাকার বেওয়ারিশ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে মালিকবিহীন ৩লাখ ১০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য সোয়া ৯ কোটি টাকা। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারী ঘাট সংলগ্ন নাফনদীর কিনারা থেকে ইয়াবাগুলো উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন ২বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ ফয়সল হাসান খান।

২বিজিবি অধিনায়ক জানান, মিয়ানমার থেকে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারি ঘাট সংলগ্ন নাফনদীর কিনারায় অভিযান চালায়। এ সময় ৩জন ইয়াবা পাচারকারী জইল্যার দ্বীপ হতে সাঁতরে কেয়ারি ঘাট সংলগ্ন নদীর কিনারায় উঠতে দেখে টহলদল তাদের ধাওয়া করে। এসময় তাদের সাথে থাকা ৩টি প্লাষ্টিকের বস্তা নদীর কিনারায় ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে বস্তাগুলো উদ্ধার করে বস্তার অভ্যান্তরে থাকা ৩লাখ ১০হাজার ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি ৩০ লাখ টাকা।

জব্দকৃত ইয়াবাগুলো পরবর্তিতে বিনষ্টিকরণের লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবির এই কর্মকর্তা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর