ডাক্তার-পুলিশ-সাংবাদিকদের করোনার নিরাপত্তা সরঞ্জাম দিতে নোটিশ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ডাক্তার, নার্স, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সুরক্ষার জন্য ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম (পিপিই) সরবরাহের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ১১ জনের কাছে এ নোটিশ পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ডাকযোগে সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান (রবিন)।

তিনি বলেন, শুধু করোনা পরিস্থিতিতে নয়, কোনো দুর্যোগ দেখা দিলে ডাক্তার, নার্স, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়েন। সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ডাক্তারদের কর্তব্য পালন করতে গিয়ে অসংখ্য মানুষের মুখোমুখি হতে হয়, তাই তাদের নিরাপত্তার স্বার্থে পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) একান্ত আবশ্যক।

নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে হাইকোর্ট বিভাগে যথাযথ প্রতিকার চেয়ে রিট পিটিশন দায়ের করা হবে বলে জানান আইনজীবি মো. জে আর খান (রবিন)।

চুয়াডাঙ্গায় ১ জনসহ বাংলাদেশে এখন পর্যন্ত ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর