বিশ্বজুরে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস পরীক্ষার জন্য কিট উৎপাদনে বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।
তিনি বলেন, করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরির জন্য শর্তসাপেক্ষে তাদের কাঁচামাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। উৎপাদনের অনুমতি দেয়ার বিষয়টি ওষুধ প্রশাসন অধিদফতরের নেই।
আজ (বৃহস্পতিবার) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘করোনাভাইরাস শনাক্তে কিট উৎপাদনে সরকারের অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র’ এমনটি উল্লেখ করা হয়।
সেখানে গণস্বাস্থ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজ সরকারের কাছ থেকে করোনার কিট তৈরির অনুমোদন পেয়েছি। এর কাঁচামাল যুক্তরাজ্য থেকে আসতে সাতদিনের মতো সময় লাগবে। কাঁচামাল এলেই আমরা উৎপাদনে যাব।’
গণস্বাস্থ্য কেন্দ্রের এমন দাবির পরিপ্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মাহবুবুর রহমান আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হচ্ছে। কাঁচামাল আমদানির অনুমতি আর কিট উৎপাদনের অনুমতি এক কথা নয়। কাঁচামাল আমদানির পর তারা কিট উৎপাদনে সফল হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করবে। বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে যাচাই-বাছাইসাপেক্ষে মানোত্তীর্ণ হলে তবেই অনুমতি প্রদান করা হবে।
বার্তা বাজার/এস.আর