টাঙ্গাইলে ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে ৬৯ জন

টাঙ্গাইলে বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে বিদেশ ফেরত ৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে জেলায় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টা পর্যন্ত মোট ১৬০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়া হয়েছে। জেলার স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদেরকে পর্যবেক্ষণে রেখেছে। এদের মধ্যে সব চেয়ে বেশি হোম কোয়ারেন্টাইন রয়েছে সিঙ্গাপুর এবং ইতালি ফেরত প্রবাসীরা।

জেলার স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলায় ১৫, নাগরপুরে ৬ জন, দেলদুয়ারে ৬ জন, সখীপুরে ২৪ জন, মির্জাপুরে ৭৭ জন, বাসাইলে ১ জন, কালিহাতী ২ জন, ঘাটাইলে ২ জন, মধুপুরে ১ জন, ভূঞাপুরে ২ জন, গোপালপুরে ১৯ জন, ধনবাড়ী উপজেলায় ৫ জন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় মোট ১৭১ জন বিদেশ ফেরতকে হোম করেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ১১ জনকে হোম করেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিরা সবাই বিদেশ ফেরত। এদের মধ্যে চীন, ইতালী, মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, ভারত, ওমান, ফেরত প্রবাসী রয়েছে। হোম কোয়ারেন্টাইনে রাখা কেউই জ্বর ও সর্দি কাশি নেই। তবে আমরা সবাইকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রেখেছি।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস মোকাবিলা বা প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সব হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক ও নার্স প্রস্তত রাখা হয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য সদর হাসপাতালে আলাদা করে ৮০ জনের একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এছাড়াও প্রতিটি উপজেলা কমপ্লেগুলোতে আলাদা ওয়ার্ডে গড়ে ৫টি করে বেড রাখা হয়েছে। অপরদিকে প্রতিটি উপজেলায় একটি টিমসহ মোট ১৪টি টিম গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত টাঙ্গাইলে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। করোনা ভাইরাস নিয়ে ভয় বা আতঙ্কের কিছু নেই। তবে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সাবান দিয়ে হাত ধোয়া, জ্বর-সর্দি-কাশি, গলা ও শরীর ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন জন্য প্রচার-প্রচারণা ও পোস্টার ও মাইকিং কার্যক্রম করা হচ্ছে। বিদেশ ফেরত বা বিদেশি নাগরিকদের প্রতি বিশেষ নজরদারি রাখা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর