ফরিদপুরে করোনা ভাইরাসের প্রভাব দেখিয়ে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ফরিদপুর শহরের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে চাউলের দাম মূল্য তালিকা থেকে বেশী নেয়ার অভিযোগে শহরের চকবাজার মেসার্স রামকৃষ্ণ ভান্ডার বিমল সাহা নামের এক চাউলের ব্যাবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ ধারা মতে ১৫,০০০/-(পনের হাজার) টাকা জরিমানা করা হয়। এরপরে হেলিপোর্ট বাজার বিসমিল্লাহ্ ট্রেডার্স হাফিজুর রহমান নামে এক ব্যবসায়ীকে একই অভিযোগে ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন, সিভিল সার্জন অফিসের নিরাপদ খাদ্য পরিদর্শক (এসএফআই) মোঃ বজলুর রশীদ খান সহ আইন শৃঙ্খলা বাহিনী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান জানান, ‘করোনা ভাইরাসের প্রভাব পুঁজি করে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। মজুত থাকার পরও নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম না বাড়াতে পারে সেজন্য জেলা প্রশাসন মাঠে থাকবে। নিয়মিত বাজার পর্যবেক্ষণের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত নিয়ে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’
বার্তা বাজার / ডাব্লিও.এস