চট্টগ্রামে যুবলীগ কর্মী হত্যার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত যুবলীগ কর্মী তানভীর (৩৮) খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নিহতের ভাই তৌফিক জহির বাদী হয়ে নগরীর পাহাড়তলী থানায় এ মামলা করেন।

এর আগে, বুধবার রাতে হত্যাকান্ডের ঘটনায় মোহাম্মদ সোহেল (৩৮) এবং মোশাররফ হোসেন প্রকাশ জনি (৩৩) নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় নেছার নামে আরেক আসামীর বাসা হতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান বলেন, নিহতের ভাই আজ ২১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারে পুলিশ খুব সক্রিয় ভূমিকা পালন করছে। আশা করি দ্রুতই বাকি আসামিদের গ্রেফতার করা হবে।

মামলার বাদি ও নিহতের ভাই তৌফিক জহির হতে জানায়, “বুধবার রাত ১১ টার দিকে দক্ষিণ কাট্টলীর লোহারপুল এলাকার বর্তমান কাউন্সলর ও চসিক নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মোরশেদ আকতারের পক্ষে প্রচারণা শেষে মোরশেদ চৌধুরীর বাড়ির সামনে অবস্থান করছিলেন। এসময় গ্রেফতার সোহেলের নেতৃত্বে বেশ কিছু সন্ত্রাসীরা তানভীরের উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে কুপিয়ে হত্যা করে।”

মামলার তদন্তের পূর্বে পুলিশ নির্দিষ্ট করে কোন প্রার্থী বা দলের নাম প্রকাশ করতে না চাইলেও নিহত তানভীরের সহকর্মী ও বিদ্রোহী প্রার্থী মোরশেদ চৌধুরীর অনুসারীদের দাবি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইলের অনুসারীরাই তানভীরকে হত্যা করেছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর