করোনা: রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ

করোনা আতংকে রাজশাহী থেকে ঢাকাসহ সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। রাজশাহীর বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথ সিদ্ধান্তে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টায় এই ঘোষণা দেয়া হয়। তবে রাজশাহীর অভ্যন্তরীণ রুটে কিছু বাস চলাচল করবে বলেও জানা যায়।

রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো জানান, করোনা আতংকে ইতোমধ্যেই যাত্রী কমে গেছে। যে পরিমাণ ভাড়া আসে তা দিয়ে গাড়ির তেল খরচের টাকাই হয়না। তাছাড়া শ্রমিকদের মাঝেও করোনার আতংক এসে গেছে। এসব দিক বিবেচনা করে রাজশাহী থেকে দেশের সকল রুটের দুরপাল্লার বাস চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

অপরদিকে রাজশাহী মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, করোনা ভাইরাস মোকাবিলায় রাজশাহীর স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বাস বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়। শ্রমিকরাও বাসে উঠতে চাইছে না। একইসাথে ঢাকা থেকে কোনো করোনাক্রান্ত রোগী সহজে যেন রাজশাহী না আসতে পারে সেই বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর