স্থগিত হলো রাষ্ট্রপতির সুনামগঞ্জ সফর ও হাওর উৎসব

চলমান করোনা পরিস্থিতির জন্য আগামী ২৮মার্চ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওর উৎসবে রাষ্ট্রপতি আবদুল হামিদের সফর বাতিল করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুজিববর্ষে হাওর উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও পিজি হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম।

মুজিববর্ষ উপলক্ষে শাল্লায় তিন জেলার সাধারণ জনগনের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া হাওর উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো রাষ্ট্রপতির।

ডা. আবুল কালাম বলেন, মুজিববর্ষে হাওর উৎসব উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই হাওর উৎসব তিন জেলাবাসীর মিলনমেলা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা হাওর উৎসবটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, মহামান্য রাষ্ট্রপতির হাওর উৎসবে না আসার বিষয়ে আমরা এখনো কোন চিঠিপত্র পাইনি। তবে দেশের মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি ।

প্রসঙ্গত, প্রথমবারের মত হাওরাঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক ও মুজিববর্ষ উপলক্ষে হাওর উৎসব বেসরকারিভাবে বৃহৎ পরিসরে হওয়ার কথা ছিলো। তিন দিনব্যাপী আয়োজনে বাংলাদেশের হাওরঅঞ্চল খ্যাত সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ জেলার হাজার হাজার মানুষ ও কৃষকের উপস্থিতি হওয়ার কথা ছিলো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর