সরকারি নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুড়িগ্রামে নেয়া হল পরীক্ষা

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সরকারি নিদের্শনা অমান্য করে কলেজে পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ে। তবে ওই কলেজে পরীক্ষা নেয়া হলেও এ ব্যাপারে কিছুই জানেন না উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

জানা গেছে, করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সরকার। তবে সরকারি নিদের্শনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরীক্ষা নিচ্ছেন উলিপুর আদর্শ মহাবিদ্যালয় কর্তৃপক্ষ।

সরেজমিনে, বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্র্থীদের ইংরেজী বিষয়ের পরীক্ষা নেয়া হচ্ছে। পরীক্ষা চলাকালীন সময়ে কক্ষে দায়িত্বরত শিক্ষক আলমগীর রহমান কে সরকারি নিদের্শনা পেয়েছেন কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ইংরেজী বিষয়ের ক্লাস টেষ্ট নেয়া হচ্ছে। ১ ঘন্টা পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হবে। এ সময় কলেজের অন্যান্য শিক্ষকদের কাছে সরকারি নিদের্শ অমান্য করে কেনো পরীক্ষা হচ্ছে জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেননি।

উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ সাইফুল রহমান বলেন, নিদের্শনা পেয়েছি, তবে এরা তো সেকেন্ড ইয়ার, এরা সেদিন ক্লাসে ছিল না। এরা তো আগে থেকে জানে না। পরীক্ষা শেষেই কলেজ বন্ধ করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব জানান, ওই কলেজে যে পরীক্ষা নেয়া হচ্ছে তা আমার জানা ছিল না। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি। তবে এ সময় পরীক্ষা নেয়াটা নিদের্শনা অমান্য করা কি না প্রশ্নে তিনি বলেন, তা তো অবশ্যই।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, বিষয়টি আমি অবগত নই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর