ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মোঃ লাল মিয়া (৪৭) নামের এক স্কুল শিক্ষক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহত লাল মিয়া উপজেলার আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।তিনি বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের বাসিন্দা।
রবিবার (২১এপ্রিল) বিকাল সাড়ে ৩টার সময় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির মোড় নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লাল মিয়া ও তার বড় পুত্র আল আমিন (২৫) এবং একই স্কুলের অপর এক সহকারী শিক্ষক মনিরুল ইসলাম (৪০) তিনজনে একটি মোটরসাইকেলে সহস্রাইল বাজারে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটারসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে।এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাদের দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিত্র সরকার লাল মিয়াকে মৃত ঘোষণা করেন।অপর দুই আরোহীকে হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে মনিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এবিষয়ে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সহিদুল ইসলাম বলেন, নিহত শিক্ষক লাল মিয়া নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটেছে।