করোনাভাইরাস : পাঁচশো বছরের ঐতিহ্যবাহী মেলা বন্ধের নির্দেশ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ফরিদপুরের বোয়ালমারীতে প্রায় পাঁচশো বছরের ঐতিহ্যবাহী কাটাগড় মেলা বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম।

বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজার মোল্যা এবং শেখর ইউনিয়নের চেয়ারম্যান ইস্রাফিল মোল্যাকে জেলা প্রসাশক ও পুলিশ সুপারের এ নির্দেশনা জানিয়ে দেন।

জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামের ধর্মীয় সাধক দেওয়ান শাগের শাহে্র (রহ.) মাজারের বার্ষিক ওরশ উপলক্ষে প্রতিবছর অনুষ্ঠিত হয় মেলা।

বাংলা সনের ১২ই চৈত্র শাগের শাহে্র মৃত্যু বার্ষিকীতে ওরসের পাশাপাশি বসে এই মেলা। মেলায় মাজারের ভক্ত নারী পুরুষ ছাড়াও আশপাশের এলাকা থেকে কয়েক লাখ লোকের আনাগোনা হয়। তবে এবছর স্থানীয় সচেতন মহল করোনাভাইরাসের কারণে মেলা স্থগিতের দাবী জানিয়ে আসছিলো।

এ ব্যাপারে কাটাগড় দেওয়ান শাগের শাহ মাজারের খাদেম আবুল হোসেন জানান, মেলা নিয়ে আমরা চিন্তিত আছি। দেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ লোকের সমাগম ঘটে এখানে। স্থানীয়ভাবে লোকজনদের মেলা স্থগিতের ব্যাপারে জানানো সম্ভব হলেও বাইরে থেকে লোক আসা বন্ধ করা কঠিন। আমরাও চাই এ বছর মেলা স্থগিত থাকুক।

সরেজমিন গিয়ে দেখা যায়, ভাঙ্গার টেকেরহাটের মিষ্টি ব্যবসায়ী অমৃত সরকার তার দোকানঘর তুলছে। এ ব্যাপারে তিনি জানান, মেলা বন্ধ বা স্থগিতের বিষয়ে কিছু জানেন না।

রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান আজিজার রহমান মোল্যা বলেন, জেলা প্রশাসকের নির্দেশে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। মেলা বন্ধের বিষয়টি মাইকিং করে জানানো হবে। আপনাদের (গণমাধ্যম কর্মী) লেখালেখিতে বাইরের লোক আসা বন্ধ হতে পারে।

থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, মেলা কমিটিকে এ বছর করোনার ঝুঁকি এড়াতে মেলা স্থগিত রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর