থানায় ডাইরী করলেন ইবির প্রধান প্রকৌশলী

মেগা প্রকল্পের কাজ পাইয়ে না দিলে সন্তানের ক্ষতি হয়ে যাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হবে বলে বিভিন্ন মহল থেকে ভয় ভীতি দেখানো হচ্ছে এই মর্মে সাধারণ ডাইরী করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান খান টুটুল।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের মাধ্যমে ইবি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডাইরী (জিডি) করেন তিনি।

প্রকৌশলী টুটুলের জিডি করার বিষয়টি বুধবার সন্ধ্যায় ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন লোক ভয় ভীতি দেখাচ্ছে এই মর্মে ইঞ্জিনিয়ার টুটুল আজকের তারিখে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার জিডি নাম্বার ৬৫৭।

এদিকে জিডিতে বলা হয়েছে, গত ১৫ দিন যাবত বিভিন্ন সময় তাকে অপরিচিত নাম্বার থেকে মেগা প্রকল্পের কাজ পাইয়ে না দিলে তার সন্তানের ক্ষতি হয়ে যাবে বলে হুমকি দেয়া হয়। এছাড়া তাকে সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন করার কথাও বলে তারা।
এছাড়া গত কয়েক মাস যাবত বিভিন্ন মেয়েদের নাম্বার থেকে তাকে ফোন করে এবং মেসেঞ্জারে বিভিন্ন টেক্সট দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে। এতে তিনি মানসিকভাবে খুবই ভীত বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়নে বর্তমানে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্প চলছে। ৩০ মার্চ ও ৬ এপ্রিল ৫৩ কোটি টাকা করে ১০৬ কোটি টাকার দুটি দরপত্র খোলা হবে। এই দরপত্রের মধ্যে একটি দরপত্র ঢাকার একটি কোম্পানিকে পাইয়ে দেয়ার জন্য প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলকে হুমকি দেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করে আসছেন। এরই প্রেক্ষিতে গত সোমবার (১৬ মার্চ) রাত ৯টা ৩৮ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ইবিতে আর চাকরি করা হলো না আমার। রিজাইন করব, ইনশা আল্লাহ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুল সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে থানায় একটি জিডি করেছি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর