করোনা সংক্রমণ প্রতিরোধে আদালত কার্যক্রম শিথিল ও সীমিত করার অনুরোধ জানালো চট্টগ্রাম জাগ্রত আইনজীবী পরিষদ।
বুধবার (১৮ মার্চ) বিকাল ৪ টায় আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতির নিকট লিখিতভাবে এ আবেদন জানায় চট্টগ্রাম জাগ্রত আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ।
জাগ্রত আইনজীবী পরিষদ নামক সংগঠনের সভাপতি টি আর খান বলেন, “দেশের সর্বত্রই এখন করোনা সংক্রান্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ঘনবসতি ও গণজমায়েতপূর্ণ যে কোন জায়গা বা এলাকা করোনা সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আদালত কার্যক্রমেরর সাথে জড়িত সংশ্লিষ্ট সকল পক্ষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আমরা আদালত কার্যক্রম সীমিত করার কথা বিবেচনা করে জেলা আইনজীবী সমিতির নিকট লিখিত আবেদন জানিয়েছি। আশা করি এ আবেদন অনুমোদন করা হবে।”
তিনি আরো বলেন, আদালতে দৈনন্দিন হাজার হাজার নারী পুরুষের আনাগোনা জারি থাকে। এছাড়া হাজিরা দেওয়ার জন্য প্রতিদিন শত শত কয়েদীদের কারাগার হতে আদালতে হাজির করা হয়। আর আইনি কাজে যে কেহই আদালতে আসতে বাধ্য। এমতাবস্থায় কখন কার দ্বারা করোনা সংক্রমণ ঘটে। তা নিশ্চিত করে বলার কোন উপায় নেই। তবুও সতর্কতা স্বরূপ সমগ্র আদালত কার্যক্রম যদি সীমিত করা হয়। তাহলে আইনজীবী সহ সকলের জন্য কিছুটা স্বস্তিকর পরিবেশ সৃষ্টি হবে। তাই সার্বিক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যেে আমাদের আবেদন আদালত কার্যক্রম যেন শিথিল করা হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস