করোনার চিকিৎসায় প্রস্তুত ইজতেমা ময়দান !

করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি বৃদ্ধি পেলে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে টঙ্গীর ইজতেমা ময়দানকে প্রস্তুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর চারটি হাসপাতালসহ জেলা-উপজেলা পর্যায়ে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।

পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ১৮টি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আল্লাহ না করুক, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেলে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে টঙ্গীর ইজতেমা ময়দানকে প্রস্তুত রাখা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়েকে ইজতেমা ময়দানকে প্রস্তুত করার ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, দেশের মানুষকে নিরাপদে রাখতে চাই। এ কারণে গত দুমাস যাবত পরিশ্রম করছি। দেশের জনগণকে করোনা সংক্রমণ থেকে নিরাপদে রাখার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে কী করণীয়, সে ব্যাপারে পরামর্শ ও তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্যানিটাইজার সরবরাহের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে, স্কুল ছুটির পর যেন বেঞ্চগুলো মুছে ফেলা হয়, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর