চট্টগ্রামের লোহাগাড়ায় একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় কোচিং সেন্টার থেকে ৩ শিক্ষককে আটক করেন এবং এক লক্ষ টাকা জরিমানা করেন উক্ত ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৮ মার্চ) বিকালে আমিরাবাদ স্কুল রোডে এ ভ্রাম্যমাণ আদলত অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ।
আটককৃতরা হলেন উপজেলার কলাউজান শাহ্ রশিদিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জয়সেন বড়ুয়া, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ইব্রাহিম খলিল ও আরিফুর রহমান।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌছিফ আহমেদ জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধের নির্দেশ থাকলেও তা অমান্য করে কোচিং সেন্টার চালু রেখেছে উক্ত শিক্ষকগণ।
তাই গোপন সংবাদের ভিত্তিতে কোচিং সেন্টারে অভিযান চালিয়ে হাতেনাতে তিন শিক্ষককে আটক করে পেনালকোড ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও বলেন, যে সব কোচিং সেন্টার সরকারী নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস