চসিকে ব্যালট পেপারে ভোট গ্রহনের আহ্বান যুবলীগের

বিশ্ব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী ভাইরাস করোনা হতে নিরাপদ থাকার লক্ষ্যে ইভিএম পদ্ধতি বাদ দিয়ে ব্যালট পেপারের মাধ্যমে চসিক নির্বাচন পরিচালনার আহ্বান জানান চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে তিনটার দিকে নগরীর এক রেস্টুরেন্টে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের প্রতি এ আহবান জানানো হয়।

সভায় মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, “দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে আমরা সকলে দিন রাত পরিশ্রম করছি। তিনি জয়ী হলে চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন সাধন হবে। তবে নির্বাচন ও নির্বাচনী প্রার্থীর চেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশ ও জাতির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। আর আওয়ামী লীগ দেশের স্বার্থে রাজনীতি করে। দল বা ব্যক্তি স্বার্থে নয়। এজন্য দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আমাদের নিবেদন ইভিএম পদ্ধতি বিরত রেখে ব্যালট পেপার দ্বারা ভোট গ্রহন করা হোক। এতে সংক্রমণের ঝুঁকি থাকবেনা।”

মহিউদ্দিন বাচ্চুর সাথে সহমত পোষণ করে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বয়াক বদিউল আলম বলেন, “করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী যেখানে এত পরিবর্তন ও পরিকল্পনা হচ্ছে। সেখানে নির্বাচন কমিশন কোন সিদ্ধান্ত বা নিয়ম পরিবর্তন করলে কারো কোন আপত্তি থাকবেনা। তবে সিদ্ধান্ত হতে হবে যথোপযোগী ও জনহিতকর। ইসি’র
নিকট আমাদের নিবেদন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহনের আবেদন বিচার বিবেচনা করে দেখুন। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা অধিক। আমরা চাইনা জনগণ তাঁদের প্রিয় প্রার্থীর খুশির জন্য ভোট দিতে গিয়ে নিজে দুঃখে পড়ুক।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ, সদস্য সচিব শহিদুল হক চৌধুরী রাসেল ও মাহবুবুল হক

সভায় মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু ও চসিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদিউল আলম সহ আরো উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শহিদুল হক চৌধুরী রাসেল, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দেলোয়ার হোসেন খোকা, মাহাবুবুল হক সুমন, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন সহ প্রমুখ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর