ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা, আটক ১

ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে রহমান মিয়া (৪২) নামের এক পোল্ট্রি মুরগি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে ধামরাইয়ের মামুরা গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রহমান মিয়া আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এঘটনায় অভিযুক্ত রতন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ধামরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার ঘুঘুদিয়া ও পার্শ্ববর্তী ধামরাইয়ের মুমুরা গ্রামের ছেলেদের মধ্যে একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে মুমুরা গ্রামে সেই ঘটনার শালিসীতে যায় আশুলিয়ার রহমান। পরে সেখানে পূর্ব শত্রুতার জের ধরে রহমানকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সেকেন্দার আলী জানান, পূর্ব শত্রুতার জের ধরেই রহমান নামে ওই ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের পাশাপাশি হত্যাকান্ডে জড়িত সন্দেহে আটক রতন নামে একজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর