ঈশ্বরগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৯২ জন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বিদেশ ফেরত ৯২ জন ব্যক্তি। এলাকায় মাইকিং করে ও বিদেশ ফেরত ব্যক্তিদের নিজ ঘরে অন্তরীন থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।

উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত তালিকায় দেখা গেছে, ঈশ্বরগঞ্জ পৌর এলাকা ও ১১ টি ইউনিয়নে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৯২ জন ব্যক্তি দেশে এসেছেন। এর মধ্যে ভারত থেকে ২৯ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১১ জন, কাতার থেকে ৪ জন, মালয়েশিয়া থেকে ১৩ জন, সৌদী আরব থেকে ১৮ জন, ইটালি থেকে ১ জন, বাহরাইন থেকে ১ জন, উমান থেকে ৩ জন, শ্রীলংকা থেকে ২ জন, সিঙ্গাপুর থেকে ৩ জন, উগান্ডা থেকে ১ জন, সুদান থেকে ২ জন, জর্দান থেকে ১ জন, কুয়েত থেকে ২ জন, যুক্তরাষ্ট থেকে ১ জন এসেছেন। প্রবাস ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এক আদেশ জারি করে পৌর সভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিদেশ প্রত্যাগত নাগরিকদের হোম কোয়ারেন্টাইনে (নিজ গৃহে সার্বক্ষণিক অবস্থান) নিশ্চিত করতে বলেছেন।

কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা অসুস্থ বোধ করলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাস ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হলেও অনেকে অবাধে ঘোরাফেরা করছেন।

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড চালু করা হলেও এখন পর্যন্ত কেউ ভর্তি হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, সম্প্রতি প্রত্যাগত নাগরিকদের হোম কোয়ারেন্টাইনে (নিজ গৃহে সার্বক্ষণিক অবস্থান) থাকার বিষয়টি নিশ্চিত করতে পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। এলাকায় মাইকিং করে সবাইকে সতর্ক থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর