ভাঙা হাত রেখে ভালো হাতে প্লাস্টার!

নেত্রকোনার মদন উপজেলার ৫০ শয্যা হাসপাতালে গতকাল(মঙ্গলবার) বিকালে মেয়ে ইমা আক্তারের (২) ভাঙ্গা হাত ভালো করতে নিয়ে আসেন তার মা-বাবা।
উল্টো ভাঙ্গা বাম হাত রেখে ভালো ডান হাতে প্লাস্টার করে দেওয়া হয় ইমার। ওই হাসপাতালের সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার মোঃ মিরাজুল ইসলাম মিরাজ এই ঘটনা ঘটিয়েছেন।

মদন উপজেলার দক্ষিণপাড়া গ্রামের ইদুচানের মেয়ে শিশু ইমা আক্তার। ইমার বাবা বলেন, “আমার মেয়ে মঙ্গলবার দুপুরে ঘরের চৌকি থেকে পড়ে বাম হাতে আঘাত পায়। এরপর তাকে মদন হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাতের এক্সরে করার জন্য বললে আমি তা করে নিয়ে আসি।

কিন্তু ডাক্তার মিরাজ আমার মেয়ের ভাঙ্গা বাম হাত রেখে ডান হাতে প্লাস্টার করে দেয়। বাড়ি এসে দেখতে পাই বাম হাত ফুলে যাচ্ছে। পুনরায় সন্ধ্যায় আমার মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে ডান হাতের প্লাস্টার খুলে বাম হাতে প্লাস্টার করে দেয়া হয়। এ ব্যাপারে সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার মোঃ মিরাজুল ইসলাম মিরাজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে টিএইচসি স্যারের সাথে কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু বলেন, আমি শুনেছি ইমা আক্তার নামের এক শিশুর ভাঙ্গা বাম হাত রেখে ভালে ডান হাত প্লাস্টার করা হয়েছে। যদি ঘটনা সত্য হয় এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর