করোনা ভাইরাস মোকাবিলার মতো কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। অন্যদের তুলনায় ধূমপায়ীদের করোনায় আক্রান্তের ঝুঁকি ১৪ গুণ বেশি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনা প্রতিরোধ করার একমাত্র উপায় ইমিউন সিস্টেম। তাই ধূমপান ছেড়ে দিতে পরামর্শ দেয়া হয়েছে।
মরণঘাতী করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮ হাজার। এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে ৭ হাজার ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে ৮১ হাজার ৮৮১ জন সুস্থ হয়েছেন। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ভাইরাসটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২২৯ জন।
এখনও করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা এর উৎস দেশ চীনে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২২৬ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার ৮৮১ জন। গত কয়েক সপ্তাহে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে নিযে এসেছে চীন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কেউ মারা যাননি, আক্রান্তের সংখ্যাও খুবই সামান্য।
তবে বিপরীত চিত্র ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। বর্তমানে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ভুগছে ইউরোপের দেশ ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ৩৪৫ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন মোট ২ হাজার ৫০৩ জন, আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫০৬ জন।
এরপরেই রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটিতে একদিনে মারা গেছেন আরও ১৩৫ জন, আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৮ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৮ জন, আর আক্রান্ত ১৬ হাজার ১৬৯ জন।
ইতালির পর ইউরোপের মধ্যে স্পেন, জার্মানি, ফ্রান্সের অবস্থাও ভয়াবহ। স্পেনে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১৯১ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮২৬ জন, মৃত্যু ৫৩৩ জনের।
বার্তাবাজার/এমকে