পিতাকে নিয়ে ‘ছোট’র লেখা কবিতা আবৃত্তি করলেন ‘বড়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নির্মিত ‘মুক্তির মহানায়ক’ অনুষ্ঠানে মুজিবকন্যা শেখ রেহানার লেখা কবিতা আবৃত্তি করেছেন বঙ্গবন্ধুর আরেক কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ঠিক ৮টায় সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির মাধ্যমে ‘মুক্তির মহানায়ক’ অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হয়। অনুষ্ঠানটি বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট ও অনলাইন টিভিতে সম্প্রচার করা হয়।

কবিতাটি বার্তাবাজারের পাঠকদের জন্য নিম্নে উল্লেখ করা হলো—

জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে
শুভেচ্ছা জানানো ছিল
আমার সবচেয়ে আনন্দ।
আর কখনো পাবো না এই সুখ
আর কখনো বলতে পারব না
শুভ জন্মদিন।

কেন এমন হল?
কে দেবে আমার প্রশ্নের উত্তর।
কোথায় পাব তোমায়…

যদি সন্ধ্যাতারাদের মাঝে থাক
আকাশের দিকে তাকিয়ে বলব
শুভ জন্মদিন।

তুমি কি মিটি মিটি জ্বলবে?

যদি বিশাল সমুদ্রের সামনে
ঢেউদের খেলার মাঝে থাকো বলব
শুভ জন্মদিন
সমুদ্রের গর্জনে শুনব কি তোমার বজ্রকণ্ঠ?

পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ
নীল আকাশে লুকোচুরি খেলে
তুমি কি ওখানে?
তাকিয়ে বলব
শুভ জন্মদিন।

এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে
ওখানে কি তুমি?
আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায়
তোমাকে খুঁজব, ডাকব বাবা
যে প্রতিধ্বনি হবে
ওখানে কি তুমি?

শুভ জন্মদিন।
শুভ জন্মদিন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর