মুজিববর্ষের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

মুজিববর্ষের অনুষ্ঠান শেষে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ফেরার পথে ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় আক্কাস আলী শেখ (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা সদরের মালেকা চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আক্কাস আলীর বাড়ি মধুখালী উপজেলার বাগাট এলাকায়। তিনি মধুখালী পৌর বাজারের মধুবন শপিংমলের মোবাইল মেকারের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, বাগাট উচ্চ বিদ্যালয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শেষে একটি মোটরসাইকেলে করে মধুখালীতে তার ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন আক্কাস আলী। পথে মালেকা চক্ষু হাসপাতালের সামনে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। এতে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ আমিনুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটির পরিচয় সনাক্ত করা যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর