পাকিস্তানে করোনার প্রথম বলি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানের মৃত্যু হল একজনের। একদিকে যখন পাকিস্তানের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তারই মধ্যে সামনে এলো আরও এক আতঙ্কের খবর।
মৃত ব্যক্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হাফিজাবাদ এর বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবার রাতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর জ্ঞান ছিল না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরপর মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদ জানিয়েছেন, ইরান থেকে ফেরা ওই রোগীকে আশঙ্কাজনক অবস্থায় লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন পাঞ্জাবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কায়সার শরিফের বরাত দিয়ে জানায়, সোমবার রাতে লাহোরের মায়ো হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন সেই রোগী।
তার করোনা ভাইরাস পরীক্ষা করা হলেও রিপোর্ট মঙ্গলবার বিকালে হাতে আসার কথা। তার আগেই ওই রোগীর মৃত্যু হয়।
পাকিস্তানে এখন পর্যন্ত ৯৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুইজন সুস্থ হয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি