যশোর মণিরামপুরে ইকলাস হোসেন(১৯)নামে এক কলেজছাত্র খুন হয়েছে।সে রুদ্রপুর কলেজের (এইচএসসি)বানিজ্য বিভাগের ছাত্র।মঙ্গলবার(১৭ই মার্চ) সকালে ঘটনাটি ঘটে।নিহত কলেজ ছাত্র হলেন,যশোর বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের আবু হানিফের ছেলে ইকলাস(১৯)।
নিহত কলেজ ছাত্রের হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ পলাশী মোড়সংলগ্ন জামে মসজিদের পাশে ফেলে রেখে যায়।স্থানীয় ব্যক্তিরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে মণিরামপুর থানার(ওসি)সহ খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন।সেখান থেকে একটি মানিব্যাগ ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।তবে খুনের ঘটনাটি পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিসি ক্যামেরার আওতাধীন।পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।
নিহতের নানা আইয়ার আলী জানান,আমার নাতী ইকলাস পাঁচ বছর বয়স থেকেই আমার বাড়িতে থেকে লেখাপড়া করত। ও রুদ্রপুর মুক্তিযোদ্ধা কলেজের ব্যবসায় শিক্ষা (বাণিজ্য)বিভাগের ছাত্র।আসন্ন এইচএসসি পরীক্ষায় তার অংশগ্রহণের কথা ছিল।
ইকলাস মণিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের ইব্রাহিম খলিল নামে এক শিক্ষকের কাছে ইংরেজি প্রাইভেট পড়ে।প্রতিদিন সকালে ফজরের নামাজ শেষে সাইকেলে বা দৌড়ে সে প্রাইভেটে হাজির হয়। একই ভাবে সে আজ মঙ্গলবার সকালে নামাজ পড়ে দৌঁড়ে প্রাইভেটের উদ্দেশে বের হয়। ঘণ্টাখানেক পরে তার মৃত্যুর খবর পাই।
তিনি আরো বলেন,রুদ্রপুর গ্রামে আমার নাতির কোনো শত্রু নেই।এখন প্রাইভেট পড়তে এসে কিছু হয়েছে কি-না আমি সঠিক করে বলতে পারব না। সেনাবাহিনীতে চাকরি করার খুব শখ ছিল ইকলাসের ।সে মোতাবেক রেজিস্ট্রেশনও করেছিল।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত)শিকদার মতিয়ার রহমান বলেন,লাশের মাথায়,কপালে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।খুনের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।নিহতের নানা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
বার্তাবাজার/এসজে