দিনাজপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালন
স্বাধীনতার মহান স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উপলক্ষে দিনাজপুরে নানা কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৭মার্চ) সূর্য্যদয়ের সাথে সাথে দিনাজপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।
এরপর সকাল ৯টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কেটে, কবুতর ও বেলুন আকাশে উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর শিশু পরিবারে (রাজবাটী) শিক্ষার্থীদের সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে কেক কাটেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। কেক কাটার পর শিশুদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও গ্লুকোমা স্কিনিং কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উপলক্ষে দিনাজপুর জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যূরালের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের মহিলা এমপি জাকিয়া তাবাসসুম জুঁই, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমদ ভূঞা, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রশিদুল মান্নাফ কবীরসহ প্রমুখ।
বার্তাবাজার/এমকে