মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হলো এটিএম আজহারকে

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে তার মৃত্যুর পরোয়ানা পড়ে শুনিয়েছে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে জেলে বন্দী আছেন এই নেতা।

আজ মঙ্গলবার সকালে বন্দী এটিএম আজহারুল ইসলামকে এ পরোয়ানা পড়ে শোনানো হয়। এর আগে গতকাল সোমবার গভীর রাতে লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানাটি কাশিমপুর কারাগারে পৌঁছায়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। কারা কর্তৃপক্ষ জানায়, আইন অনুযায়ী এটিএম আজহারুল ইসলাম ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করতে পারবেন।

তিনি তার আইনজীবীদের সঙ্গে সাক্ষাত করে তার সিদ্ধান্ত জানাতে পারবেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে এই আবেদন না করলে যেকোনো দিন ওনার ফাঁসি হতে পারে।

আজহারুল ইসলাম যদি রিভিউ আবেদন করেন, এবং তার করা সেই আবেদন যদি খারিজ হয় তাহলে রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ থাকবে। তিনি যদি প্রাণ ভিক্ষা না চান এবং চেয়েও যদি ক্ষমা না পান তাহলে রায় কার্যকরের ক্ষণগণনা শুরু হবে। রায় কার্যকরের আগে তিনি শেষবারের মতো পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর