মধ্যরাতে আগুনে পুড়ল ২৫ ব্যবসা প্রতিষ্ঠান

ফরিদপুরের ভাঙ্গায় মধ্যরাতে অগ্নিকাণ্ডে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়ল ব্যবসায়ী পরিবারগুলো।

সোমবার দিবাগত রাত ১টায় উপজেলার তুজারপুর ইউনিয়নের উঁচাবাড়ী বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে জানান বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এলাকাসূত্রে জানা যায়, উঁচাবাড়ী বাজারের একাংশে প্রায় ৫০টির অধিক দোকান ঘরে মুদি দোকান ও চাউলের আড়তদারের সংখ্যাই বেশী। ঘটনার রাতে কামরুলের দোকান ঘর থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত বাজারের আশেপাশের লোকজন এগিয়ে আসে।

কিন্তু মুহূর্তের মধ্যে আগুন বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়তে থাকে। আগুনের শিখা দেখে দিগবিদিঘ হারিয়ে ফেলে লোকজন। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন বাজারের সকল ব্যবসায়ীরা। তারা ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন তারা।

অবশেষে প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- বাদল ঘোষ, লিয়াকত হুজুর, ফজু মিয়া, কামরুল,শাহাদাৎ হোসেন, ডাক্তার খোকনসহ ২৫টি।

এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিসের ডিউটিরত অফিসার মখলেচুর রহমান জানান, খবর পেয়ে ভাঙ্গা ও সদরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন তারা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর