বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পূর্বে ধারণকৃত ভাষণটি বেতার এবং টেলিভিশনে সম্প্রচার করা হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টায় দেশব্যাপী বিভিন্ন স্থানে আতশবাজি উদ্বোধনের পরপরই রাষ্ট্রপতির ধারণকৃত ভাষণ সম্প্রচার করা হবে বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে সন্ধ্যা ৬টায় মিলাদ মাহফিলে অংশ নেবেন। এছাড়া সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। প্রতিবছর বঙ্গবন্ধুর জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। এ দিনটি সরকারি ছুটির দিন। এবার বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী হওয়ায় দিবসটিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। তাই ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে সরকার।
বার্তাবাজার/এমকে