গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ট্রলিচাপায় হাসান মোল্লা (২০) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার (২১ এপ্রিল) বিকেলে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যৃ হয়। এর আগে দুপুরে টুঙ্গিপাড়ার সিংগীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসান গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের বদিয়ার মোল্লার ছেলে।
নিহতের চাচা মিটু মেম্বার জানান, দুপুরে টুঙ্গিপাড়ার সিংগীপাড়া এলাকায় হাসান তার নিজের ট্রলিতে করে মাটি নিয়ে উঁচু জায়গা থেকে ঢালু জায়গা নামার সময় ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল নেওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।