বঙ্গবন্ধুর জন্মদিনে বর্ণিল সাজে সেজেছে সিরাজগঞ্জ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় রঙিন সাজে সেজেছে সিরাজগঞ্জ। সোমবার সন্ধ্যার পর থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দেখা যায় বর্ণিল আলোর ঝলকানি।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে সরকারি সকল দফতর, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অভিজাত হোটেল,আ’লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয় বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। সেই সাথে শহরের
মুজিব সড়কের দুই পাশে ও মোড়ে-মোড়ে শোভা পাচ্ছে বিদ্যুৎ-বাল্বের বাহারি রঙের আলোর ঝলকানি।
আগামীকাল ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এ দিনটিকে সামনে রেখে চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। এদিকে আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করবে গোটা দেশ।
করোনাভাইরাসের কারণে ইতোপূর্বে গৃহীত নানা আয়োজনে পরিবর্তন আনা হলেও আগামীকাল মঙ্গলবার রাজধানীর মূলমঞ্চের আতশবাজির অনুষ্ঠান ঠিক রয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সন্ধ্যা রাত থেকেই আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থাপনা। এজন্যই সিরাজগঞ্জ এখন রূপ-নিয়েছে আলোর শহরে।
শহরের প্রধান সড়ক, স্থাপনাগুলোয় শোভা পাচ্ছে বাহারি রঙের আলো। বর্ণিল আলোকসজ্জায় চোখ জুড়িয়ে যাচ্ছে। বাদ যায়নি রাস্তার মোড়, ল্যাম্পপোস্টও। পৌরবাসীও বেশ উপভোগ করছেন এমন দৃশ্য।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এমন আয়োজন দেখতে পেয়ে অনেকেই জানিয়েছেন তাদের সন্তুষ্টির কথা।
মুজিববর্ষে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস জানবে এমনটাই প্রত্যাশা আলোকসজ্জা দেখতে আসা দর্শনার্থী ও আয়োজকদের।
সিরাজগঞ্জের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন সাজে সেজেছে জেলা শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন ভবন, সড়ক, স্থাপনা, অফিস-আদালত। সোমবার সন্ধ্যার পরই লাল-সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে পুরো সিরাজগঞ্জ। চোখ ধাঁধানো এ আলোকসজ্জার ঝলকানিতে মন কেড়েছে সবার। বিভিন্ন রঙের ও বর্ণের এসব আলোকসজ্জায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
সিরাজগঞ্জ পৌর ভবনেও শোভা পাচ্ছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। এ ভবনে বিদ্যুৎবাতিতে ঝলমলিয়ে ফুটে উঠছে লাল-সবুজের জাতীয় পতাকা।
বার্তা বাজার / ডাব্লিও.এস