নরসিংদীতে আনসার সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ আহত- ৪
নরসিংদীর পলাশে সড়ক দূর্ঘটনায় একজন নিহতের হওয়া ও রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করার ঘটনাকে কেন্দ্র করে পলাশ ইউরিয়া সার কারখানা ক্যাম্পের আনসার সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সার কারখানার নিরাপত্তাকর্মী ও গ্রামবাসীসহ চার জন গুরুত্বর আহত হয়েছে। খবর পেয়ে পলাশ থানা পুলিশ এসে দেড় ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অবস্থিত পলাশ সার কারখানার গেইটে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পলাশ সার কারখানার নিরাপত্তাকর্মী আব্দুল বাছেদ (৩৫), খানেপুর গ্রামের শহিদুল ইসলাম (২৫), আমিনুল মিয়া (৩০), সিদ্দিকুর রহমান (২৪) ও সুমন মিয়া (২২)। এ সময় উত্তেজিত গ্রামবাসী পলাশ সার কারখানার সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) শফিকুল ইসলামের একটি মোটরসাইকেল ভেঙে গুড়িয়ে দেয়।
পুলিশ ও গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে পলাশ ইউরিয়া সার কারখানার মাঝখান দিয়ে খানেপুর বাজার ও চরসিন্দুর ইউনিয়নে যাওয়ার সড়ক (রাস্তা) ছিল। গত এক মাস আগে খানেপুর গ্রামের মানুষের যাতায়াতের এ সড়কটি দেয়াল দিয়ে বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এরপর থেকে দফায় দফায় প্রতিবাদ জানিয়ে আসছে গ্রামবাসী। তবে ইতিমধ্যে পলাশ সার কারখানার দেয়ালের পাশ দিয়ে একটি রাস্তা বড় করে সংস্কার করে দেওয়া হয়েছে।
এদিকে সোমবার বিকালে সার কারখানার দেয়ালের পাশে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেল সংঘর্ষে ইকবাল হোসেন ভূইয়া (৪৫) নামে একজন নিহত হয়। নিহত ইকবাল হোসেন খানেপুর গ্রামের মৃত কাদিরুজ্জামানের ছেলে। এরপর সন্ধ্যার দিকে খানেপুর গ্রামবাসী উত্তেজিত হয়ে সার কারখানার মাঝখানের রাস্তাটির দেয়াল ভেঙে দেয়। আর এসময় গ্রামবাসীদের বাধা দিতে গেলে সার কারখানার আনসার ক্যাম্পের সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পলাশ উপজেলা আনসার ভিডিপি অফিসার নুরুল ইসলাম জানান, গ্রামবাসীদের বাধা দিতে গেলে তারা আনসার সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে। শুধু তাই নয়, সার কারখানার সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) শফিকুল ইসলামের একটি মোটরসাইকেল ভেঙে গুড়িয়ে দেয়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, সড়ক র্দুঘটনাকে কেন্দ্র করে পলাশ ইউরিয়া সার কারখানার দেয়াল ভেঙে দিয়ে আনসার সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বার্তা বাজার/এস.আর