মিছিল মিটিং হতে বিরত থাকার আহবান চট্টগ্রামের সিভিল সার্জনের

করোনা ভাইরাস হতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে চসিক নির্বাচনী প্রার্থীদের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে গণজমায়েত না করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন।

আজ সোমবার(১৬ মার্চ) বিকাল ৪টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে ‌‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, “নির্বাচনী গণসংযোগ মানে প্রচুর লোকের সমাগম। আর প্রচুর লোকের জনসমাগম যেখানে থাকে। সেখানে সংক্রমণের আশঙ্কাও বেশি থাকে। তাই প্রার্থীদের দেশের স্বার্থে নির্বাচনী প্রচারনায় মিছিল, মিটিং, সভা, সমাবেশ হতে বিরত থাকার আহবান জানাচ্ছি। প্রার্থীরা চাইলে তথ্য প্রযুক্তি বা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন। তবে স্ব শরীরে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা/গণসংযোগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

তিনি আরো বলেন, “চট্টগ্রাম জেলা এই মুহূর্তে সর্বোচ্চ ঝুঁকিতে আছে। কারণ এখানে রয়েছে দুটি আন্তর্জাতিক বন্দর। একটি বিমানবন্দর ও অপরটি সমুদ্র বন্দর। দু’টি বন্দর দিয়েই সংক্রমণের সম্ভাবনা রয়েছে। তাই এন্ট্রি পয়েন্টেই যদি সংক্রমণকারীকে ঠেকিয়ে দেয়া না যায়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না।”

উল্লেখ্য, দেশে আটজন করোনা রোগী ধরা পড়ার পর আইইডিসিআরের তাগিদে সব ধরনের সভা-সমাবেশ বন্ধের আহবান জানান সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি। তিনি প্রার্থীদের নির্বাচনী স্বার্থে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করার মাধ্যমে স্বাস্থ্য সেবার স্বার্থে ঝুঁকি সৃষ্টি না করার আহবান জানান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর