দিনে দিনে মহামারি আকার ধারণ করছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের আতঙ্কে আছে বিশ্ববাসী। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এ ভাইরাস থেকে পরিত্রাণের উপায় বের করার চেষ্টাও। আর সেই চেষ্টায় সামনে আসছে নানা ধরনের টোটকার কথা।
ভারতে কেউ কেউ বলছেন, গোমূত্র পান করলেই দূরে থাকবে করোনাভাইরাস। এবার করোন ভাইরাস থেকে রক্ষা পেতে নতুন টোটকা বাতলে দিলেন আহমেদ সিদ্দিকি নামের এক পীর। তবে এ টোটকার ফলে তাকে পুলিশের হাতে আটকও হতে হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, উত্তর প্রদেশের সেই পীরের পরামর্শ, একটি বিশেষ তাবিজ ধারণ করলে নাকি করোনাভাইরাস শরীরকে স্পর্শও করতে পারবে না! এভাবে ভুয়া পরামর্শ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য গত শনিবার তাকে আটক করেছে লখনৌ থানার পুলিশ।
পুলিশ জানায়, ওই পীরের দাবি, তার কাছে এমন একটি তাবিজ রয়েছে, যা ধারণ করলে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকা সম্ভব। মাত্র ১১ টাকার বিনিময়েই মিলবে সেই তাবিজ। নিজের দোকানের সামনে এই নিয়ে বড় ব্যানারও টাঙিয়ে রাখেন তিনি। যেখানে লেখা, যারা অর্থের অভাবে মাস্ক কিনতে পারছেন না, তারা তাবিজ কিনুন। তাহলেই দূরে থাকবে করোনাভাইরাস। এরপরই তাকে আটক করে পুলিশ। তবে পরে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
ভারতে দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১১৫। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১৩ জন।
বার্তাবাজার/কে.জে.পি