ফরিদপুরের আলফাডাঙ্গায় নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান।
করোনা ভাইরাস প্রতিরোধের উপায় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান বলেন, সব সময় সাবান পানি দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা, হাঁচি কাঁশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা, ঠান্ডা গলা ব্যথা কাঁশি ও শ্বাসকষ্ট দেখা দিলে অতিসত্ত্বর সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।
তিনি আরো বলেন, করোনাভাইরাস সম্পর্কে সার্বক্ষণিক যে কোনো তথ্য জানতে এবং জানাতে চালু করা হয়েছে হটলাইন। হাসপাতালে আইসোলেশন কক্ষ ও ওয়ার্ড ব্যবস্থা রাখা হয়েছে। বিদেশ ফেরতদের নিবন্ধন করা ও তাদের জন্য কোয়ারেন্টাইন স্থাপনা করে ১৪ দিন তাদেরকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
এছাড়াও করোনাভাইরাস সম্পর্কে গুজব না ছড়িয়ে সবাইকে সচেতন হয়ে চলারও পরামর্শ দেন তিনি। এসময় আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস