চসিক নির্বাচনে কাউন্সিলর পদে এবারও জয়ী হলে কিশোর গ্যাং দমনে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন চট্টগ্রাম মহিলা দলের নেত্রী ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি।
সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে তিনটার দিকে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সংরক্ষিত নারী কাউন্সিলর পদ প্রার্থী ও বিএনপির মহিলা দলের নেত্রী মনোয়ারা বেগম মনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, জনগণের ভালোবাসায় আগে দুইবার কাউন্সিলর হয়েছি এবং জনগণের সেবা করে তাদের ভালোবাসার প্রতিদানও দিয়েছি। আমার বিশ্বাস এবারও জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে। এবার জয়ী হলে আমার বিশেষ লক্ষ্য হবে কিশোর গ্যাং দমন করা। নগরীর ১৪, ১৫ ও ২১ নং ওয়ার্ডে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিশোর গ্যাং। সংরক্ষিত ওয়ার্ড সমূহে ঘটিত অপরাধের অধিকাংশই কিশোরদের দ্বারা সংগঠিত হয়। কিশোরদের সহজ সরল মন মানসিকতার সুযোগ নিয়ে রাজনৈতিক নেতারা তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করে। এর ফলে কিশোররা বয়স বাড়ার সাথে সাথে ভয়ংকর হযে উঠছে। এদের যথাসময়ে প্রতিরোধ ও পুনর্বাসন করা না হলে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চরম বিপর্যয়ের সম্মুখীন হবে।”
এছাড়াও তিনি তাঁর ১৪, ১৫ ও ২১ নং ওয়ার্ড নির্বাচনী এলাকায় চলমান ও অবশিষ্ট উন্নয়ন মূলক কাজ সমাপ্ত করার জানান। নির্বাচনী প্রচারনায় ভোট চাওয়ার পাশাপাশি তিনি করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির আহবানও জানান।
উল্লেখ্য, মনোয়ারা বেগম মনি কিছুদিন আগে চসিক মেয়র আ জ ম নাছিরের প্রতি অতি ভক্তি ও সমর্থনমূলক একটি বক্তব্যের কারণে বিভিন্ন মহলে বহু আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু ছিলেন। বিএনপি হতে তাকে সাময়িক ভাবে বহিষ্কারও করা হয়েছিল। পরে তাঁর ক্ষমা প্রার্থণা ও দলীয় সক্রিয়তা বিবেচনা করে তাঁকে পুনরায় দলে জায়গা দেওয়া হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস