ঢাকার সাভারে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিদেশ ফেরত ৮ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। সোমবার (১৬ মার্চ) বিকালে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।
তবে হোম কোয়ারেনটাইনে রাখা ওই ৮ জনের শরীরে জ্বর কিংবা ঠান্ডাজনিত করোনা ভাইরাসের কোন উপসর্গ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, সাভারে এখনো কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তবে গত ১৪ মার্চ ইতালির ৪, সৌদি আরবের ২ ও দুবাই থেকে ২ জন সহ মোট ৮ জন দেশে ফিরেছেন। তবে এদের কারও শরীরে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি। তাদেরকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তারা যাতে ঘরের বাইরে বের হতে না পারেন সে ব্যাপারে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য অফিস ও প্রশাসন তাদের ওপর নজরদারি রাখছে বলেও জানান তিনি।
বার্তা বাজার / ডাব্লিও.এস