আমাদের দেশে জরুরি অবস্থা সৃষ্টি না হলেও অভিভাবক-শিক্ষার্থী ও জনমানুষের উদ্বেগ থেকে মন্ত্রী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনার সংক্রমণ থেকে নিরাপদ থাকতে আজ মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
ডা. দীপু মনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিনগুলোতে সকল শিক্ষার্থীদের নিজ বাড়িতে থাকতে হবে। এ বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে আর শিক্ষার্থী বাইরে ঘোরাফেরা করবে, তা করা যাবে না। বন্ধের পুরো সময়টা নিজ বাড়িতে থেকে পড়ালেখা করার বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, মঙ্গলবার মুজিবশতবর্ষে যেসব কর্মসূচি ছিল তা আগেই বাতিল করা হয়েছে। শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের সমন্বয়ে পালিত হবে। এতে শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।
বার্তাবাজার/এমকে