কক্সবাজার সৈকতে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে সংবদ্ধ ছিনতাই ও ছুরিকাঘাতের শিকার হয়েছেন ৩ পর্যটক। রবিবার (১৫ মার্চ) দিবাগত রাতে সৈকতে শৈবাল পয়েন্টের ঝাউবিথীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সৈকতের ঝাউবিথীতে সংঘবদ্ধ ছিনতাইকারীরা তাঁদেরকে ছুরিকাঘাত করে আহত করে তাঁদের থেকে টাকা পয়সা, মোবাইল, ঘড়ি সব কিছু নিয়ে সেখানেই রেখে চলে যায়।ছুরিকাহত তিনজনের চিৎকারে সমুদ্র সৈকতে দায়িত্বে থাকা লাইফগার্ডরা ছুটে আসে।তাঁরা তৎক্ষণাৎ টুরিষ্ট পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ছুরিকাহতরা হলেন- ঢাকার মিরপুরের গার্মেন্টস ব্যবসায়ী সালাহ উদ্দিন, মোশাররফ হোসাইন ও অপরজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম শেখ।এ সময় ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়।

আহত ৩ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম শেখের অবস্হা আশঙ্কাজনক।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার মাসুম খান ঘটনার পরপর সদর হাসপাতালে আসেন। এসময় তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর