নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। নিহতের নাম মাহমুদুল হাসান মিথেল (২২)।
রোববার (১৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার সোন্দাবাড়ি এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত এই ছাত্রলীগ কর্মীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জাংলা ইসলামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে নিহত মাহমুদুল হাসান মিথেল। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভুগোল অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগকর্মী ছিলেন।
জানা যায়, আগামী ২৯ মার্চ বগুড়া-১ আসনের উপনির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা রোববার সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় প্রচার চালাতে আসেন। বগুড়া জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে মাহমুদুল হাসান মিথেলও অংশ নেন। নির্বাচনী প্রচারকাজ শেষে রাতে একটি মোটরসাইকেলে মিথেলসহ তিনজন ফিরছিলেন।
রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের গাবতলী উপজেলার সোন্দাবাড়ি এলাকায় পৌঁছলে একটি বালুবাহী ট্রাক সামনে থেকে ওই মোটরসাইকেলে ধাক্কা দিলে মতরসাইকেলের পেছনে বসা মিথেল রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান।
মিথেলকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে তিনি রাত সাড়ে ১১টার দিকে মারা যান।
রাতেই তার মরদেহ গাইবান্ধার গোবিন্দগঞ্জের জাংলা ইসলামপুরের বাড়িতে পাঠানো হয়েছে।
ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে