গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।
সোমবার (১৬ মার্চ) ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির আদেশপ্রাপ্তির পর মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
সোমবার সকালে ট্রাইব্যুনালের আদেশপ্রাপ্তির পর মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার অমিত কুমার দে।
লালসালুতে মুড়িয়ে বিচারিক আদালতের জারি করা এই মৃত্যু পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পাঠানো হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখান থেকে পরোয়ানা যাবে গাজীপুরের কাশিমপুর কারাগারে। ট্রাইব্যুনাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে রোববার (১৫ মার্চ) বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছায়।
রায়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের স্বাক্ষরের পর রোববার বিকেলে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়।
রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, রায়ের কপি ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়া হয়েছে।
রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘রায় প্রকাশ হওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা না হলে ফাঁসি কার্যকরের আইনগত প্রক্রিয়া শুরু হবে। আর রিভিউ আবেদন করলে শুনানি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রিভিউ নিষ্পত্তি হওয়ার পর রায় দণ্ড কার্যকর করা হবে।’
অন্যদিকে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘আমরা এখনও আনুষ্ঠানিকভাবে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাইনি। রায়ের কপি হাতে পেলে নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করব।’
বার্তাবাজার/এমকে