আজ তামিম-রিয়াদের লড়াই

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পান্ডবের সবছেয়ে বড় বিজ্ঞাপন তথা দেশের পাঁচ শীর্ষ তারকার মধ্যমনি সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে মাঠের বাইরে। বাকি চার নামি ও দামি তারকার একজন মুশফিকুর রহীম শুরুতেই মাঠ মাতিয়েছেন। আজ রোববার প্রথম দিন মাঠে নেমে আর ক্যারিয়ারে প্রথমবার আবাহনীর আকাশী-হলুদ জার্সি গায়ে চেপে নেমেই দলের চরম বিপদে দারুন সেঞ্চুরি করেছেন দেশসেরা উইলোবাজ।

অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব নিয়ে রোববার প্রথম ম্যাচে পারটেক্সের বিপক্ষে বড় জয় পেয়েছে আবাহনী। এদিকে এবার লিগের শুরুতেই মুখোমুখি পঞ্চ পান্ডবের দুই পান্ডব তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদ। আজ সোমবার শেরে বাংলায় তামিম ইকবালের প্রাইম ব্যাংক আর মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপের লড়াই।

শুধু তামিম আর রিয়াদই মুখোমুখি নয়, এবারের দলবদল শেষে কাগজে কলমের অন্যতম দুই সেরা শক্তি প্রাইম ব্যাংক আর গাজী গ্রুপেও আছে তারার মেলা। প্রাইম ব্যাংকে তামিম ইকবালের সাথে আছেন এনামুল হক বিজয়, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, অলক কাপালি, নাইম হাসান, নাজমুল অপু, পেসার রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। অন্যদিকে রিয়াদের গাজী গ্রুপে সৌম্য সরকার, মুমিনুল হক আর আরিফুলের মত উইলোবাজও আছেন।

দলটির বোলিং শক্তিও বেশ। তরুণ দ্রুতগতির বোলার হাসান মাহমুদ, স্পিন অলরাউন্ডার মেহেদি হাসানও অধিনায়ক রিয়াদের অন্যতম অস্ত্র হিসেবে কাজ করবেন। প্রাইম ব্যাংক আর গাজী গ্রুপের এই ম্যাচের আরও একটি তাৎপর্য্য আছে। এ ম্যাচ বর্তমান সময়ে দেশের দুই নামী ও দক্ষ প্রশিক্ষক সারোয়ার ইমরান আর মোহাম্মদ সালাউদ্দীনেরও লড়াই। এক অর্থে এটা মাঠের বাইরে দুই গুরু শিষ্যরও লড়াই।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর