ছিনতাইয়ের অভিযোগে ৪ পুলিশ-কারারক্ষী গ্রেফতার

ছিনতাইয়ের অভিযোগে রাজশাহীতে একজন পুলিশ কনস্টেবল ও তিনজন কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) বিকালে ছিনতাই মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন– সিরাজগঞ্জ জেলার তাড়াশ ভায়াট এলাকার সিদ্দিক মোল্লার ছেলে ও আরএমপির রিজার্ভ ফোর্সের কনস্টেবল সেলিম হোসেন (২২), বগুড়ার গাবতলি থানার রহিমাপাড়া এলাকার অমল চন্দ্রের ছেলে কারারক্ষী অভিমান্য (২৬), সোনাতলার তেকানী এলাকার আব্দুল জলিল আকনের ছেলে কারারক্ষী তোফায়েল (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নয়ালাভাঙ্গার খাইরুল ইসলামের ছেলে কারারক্ষী রবিউল আউয়াল রুবেল (২৩)।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী খুরশিদ জাহান তার আত্মীয় জনিকে সঙ্গে নিয়ে টি-বাঁধ থেকে পায়ে হেঁটে ফিরছিলেন। সে সময় শিমলা পার্কের পাশে চার ব্যক্তি নিজেদের রাজপাড়া থানার পুলিশ পরিচয় দিয়ে তাদের আটক করে শরীরে তল্লাশি করে। এরপর তাদের আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। না দিলে মাদক মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। টাকা দিতে অস্বীকার করলে তাদের দুজনকে টেনে-হেঁচড়ে বাঁধের নিয়ে যায় এবং মারধোর করে পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিরা। একপর্যায়ে তারা খুরশিদ ও জনির কাছ থেকে দুই হাজার টাকা কেড়ে নেয়। সেই সঙ্গে বিষয়টি পুলিশকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা।

ওসি আরও বলেন, ‘ঘটনার পরপরই খুরশিদ জাহান ও জনি রাজপাড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। সঙ্গে সঙ্গে রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় খুরশিদ তাদের শনাক্ত করলে থানা পুলিশ এক পুলিশ ও দুই কারারক্ষীকে গ্রেফতার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আরেক কারারক্ষীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর