শ্রমিকদের কারখানায় স্বাস্থ্য সম্মতভাবে কাজ করতে হবে : শিল্পমন্ত্রী

সরকারি নীতিমালা মেনে শ্রমিকদের কারখানায় স্বাস্থ্য সম্মতভাবে কাজ করতে হবে বলে জানালেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। রবিবার (১৫ মার্চ) বিকালে ধামরাই শিল্প নগরী (বিসিক) সম্প্রসারণের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী|

এসময় দেশের শিল্পে করোনার প্রভাবের প্রশ্নে মন্ত্রী জানান, সরকারি নীতিমালা মেনে শ্রমিকদের কারখানায় স্বাস্থ্য সম্মতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে শ্রমিক, মালিক ও প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নিলে সাময়িক এই দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব বলেও জানান তিনি।

শিল্প মন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া পরিবেশ দূষণ করে যারা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করবে তাদের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় মন্ত্রী আরো জানান, যে কোন নতুন কারখানা শুরু করার পূর্বে বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম তৈরির কঠোর সরকারি নির্দেশনা রয়েছে। যদি তা কেউ না মেনে শিল্প প্রতিষ্ঠান চালু করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধামরাই বিসিক নগরীর সভাপতি মোসতাক হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমেদ, ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস খান, ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক প্রমুখ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর