সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জেও ১৮ মার্চ থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া টিকাদান কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকা দেওয়া হবে। রবিবার (১৫ মার্চ) জেলা সিভিল সার্জন অডিটরিয়ামে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
জাতীয় হাম-রুবেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করণ অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইনটি দুই ভাগে পরিচালিত হবে। প্রথম ক্যাম্পেইন পরিচালিত হবে ১৮ মার্চ থেকে ২৪ মার্চ। মুন্সীগঞ্জ জেলায় সর্বমোট ৩ লাখ ৬৯ হাজার ১শ ৫জন বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি বা সমপর্যায়ে পর্যন্ত অধ্যয়নরত ছাত্রছাত্রীদের এক ডোজ এমআর টিকা দেওয়া হবে। আর দ্বিতীয় ক্যাম্পেইনটি পরিচালিত হবে ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত।
জাতীয় হাম-রুবেলা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডঃ আবুল কালাম আজাদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি উন্নয়ন সহযোগী সংস্থা ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, মুন্সীগঞ্জে কর্মরত অনলাইন, ইলেকটনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বার্তা বাজার / ডাব্লিও.এস