চলতি বছরে সবমিলে ১০টি টেস্ট, ১০টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়াও পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ ও বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ।
এরইমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ সম্পন্ন করেছে টাইগাররা । দুর্বল এ প্রতিপক্ষকে টানা তিনটি সিরিজেই হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে ইতিমধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুই ম্যাচ সিরিজের একটি টেস্ট ম্যাচও সম্পন্ন করেছে বাংলাদেশ। আগামী মাসেই দ্বিতীয় টেস্ট ও একটি ওয়ানডে খেলতে করাচি যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।
পাকিস্তান সফরের পর বাংলাদেশ দলের পরের গন্তব্য হবে আয়ারল্যান্ড। যেখানে টাইগাররা খেলবে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হলেও টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু ইংল্যান্ড।
এরপর ঘরের মাটিতে দুটি টেস্ট খেলতে জুনে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টেস্ট দুটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকায়। এরপর জুলাইয়ে শ্রীলংকা সফরে তিনটি টেস্ট আগস্টে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে টাইগাররা, সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ।
অক্টোবরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এই সফরে। আর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বছরের শেষ দিকে ডিসেম্বরে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বার্তাবাজার/কেএ