পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাপাতা এলাকার শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত যজ্ঞেশ্বরকে গলা কেটে হত্যা মামলায় শীর্ষ জঙ্গি নেতা জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধীসহ ৪ জনের ফাঁসি আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন, রাজিবুল ইসলাম, আলমগীর হোসেন ও রমজান আলী। তাদের মধ্যে রাজিবুল ইসলাম পলাতক রয়েছেন। মামলার ৫ নম্বর আসামি হারেজ আলী ও ৬ নম্বর আসামি খলিলুর রহমানকে বেকসুর খালাস দেয়া হয়।
রায়ের খবর ছড়িয়ে পড়লে রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত পুরোহিত যজ্ঞেশ্বর রায়ের পরিবার,মঠের পুরোহিত ও ভক্তবৃন্দ।
মামলার বাদী রবীন্দ্রনাথ জানান আজকে যে রাজশাহীতে পুরোহিত হত্যা মামালায় ৪ জনের ফাঁসির আদেশ হয়েছে।আমি এ রায়ে সন্তুষ্ট। বাকীদেরও যেন আইনের আওতায় আনা হয়।সরকারের কাছে এটাই আমার দাবী।
ঐ ঘটনায় আহত গোপাল রায় জানান আমি এ রায়ে খুব আনন্দিত। বাকীদেরও যেন দ্রুত শাস্তি প্রদান করা হয়।
উল্লেখ্য ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি ভোরে দেবীগঞ্জ উপজেলা সদরের চীন-মৈত্রী সেতু সংলগ্ন সোনাপাতা এলাকায় পুরোহিত যজ্ঞেশ্বরকে গলা কেটে হত্যা করা হয়। ওই সময় গুলিবিদ্ধ হন ওই মঠের আরেক সেবক। এ ঘটনায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই রবীন্দ্রনাথ রায়। পরে আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরও দু’টি মামলা দায়ের করে দেবীগঞ্জ থানা পুলিশ।
২০১৬ সালের ৮ নভেম্বর অস্ত্র ও বিস্ফোরক আইনে অপর দু’টি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং একইসঙ্গে হত্যা মামলাটির অভিযোগ গঠন করা হয়।
২০১৮ সালের ১৭ জানুয়ারি ১১ জনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। হত্যা মামলায় অভিযুক্ত ১০ আসামির মধ্যে চারজন বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
বার্তা বাজার / ডব্লিও.এস