সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনকারী কুড়িগ্রামের ডিসির অপসারণ ও বিচারের দাবিতে এবং সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দিনাজপুরের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

রবিবার (১৫ মার্চ) বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাব ও টিভি ক্যামেরাজার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে প্রেসক্লাবের সম্মুখ সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, ‘অনলাইন নিউজ পেপার বাংলাট্রিউনের কুড়িগ্রাম প্রতিনিধিকে কুড়িগ্রামের জেলা প্রশাসক রাতের আধারে বাড়ি থেকে তুলে নিয়ে যে নির্যাতন করেছে এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যে রায় দিয়েছেন তা সাংবাদিকদের জন্য দুঃখজনক।

সাংবাদিকরা সমাজের দর্পন, সমাজের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করাই সাংবাদিকদের কাজ। তাই বলে সাংবাদিকদের গলা টিপে ধরে সংবাদ আটকানো যাবে না। আমরা কুড়িগ্রাম জেলা প্রশাসকের অপসারণ দাবি করছি।

মানববন্ধনে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল বলেন, ‘সাংবাদিকদের উপর দিনদিন যে সন্ত্রাসী হামলা-মামলা চলছে তা দিয়ে আমাদের লেখনী আটকানো যাবে না। সাংবাদিকরা সমাজের যে দায়িত্বপালন করেন তা থেকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। আমাদের কাজই হচ্ছে দেশ ও দেশের মানুষের কথা বলা। আমাদেরকে মামলা হামলায় ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না। আমরা নির্ভিকভাবে আমাদের দায়িত্ব পালন করে যাব।’

মানববন্ধনে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বলেন, ‘সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকরা কাজ করেন। সত্য লিখতে গিয়ে যদি আমাদের নির্যাতন, হামলা ও মামলার শিকার হতে হয় তাহলে এর দায় সরকার এড়িয়ে যেতে পারে না। সরকারের উচিৎ সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। সাংবাদিকদের যেকোন বিপদে সরকার পদক্ষেপ গ্রহণ করবেন।

সাংবাদিকদের মিথ্যে মামলা দিয়ে যে হয়রানি করা হচ্ছে সেটি যেনো বন্ধ করা হয়। কুড়িগ্রামের যে সাংবাদিককে নির্যাতন ও মিথ্যে মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহারের দাবিও জানান তিনি।’
মানববন্ধনে এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক কঙ্কন কর্মকার, রতন সিং, কামরুল হুদা হেলাল, আবুল কাশেমসহ প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর