করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন এলাকায় আরও ১ জন বাংলাদেশি নারী আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ওই নারী এখন ওই এলাকার মাইমনিটাইজ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। তার বয়স ৪৬ বছর।
এর আগে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ড এলাকার আরও এক বাংলাদেশি পুরুষের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আক্রান্ত নারী স্বামীর সঙ্গে ম্যানহাটনে ফুড ভেন্ডিংয়ে কাজ করতেন। এটা তাদের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান। স্বামীকে পরীক্ষা করাতে নিয়ে গিয়ে কৌতূহলবশত তিনি নিজেও পরীক্ষা করান। তবে স্বামীর পরীক্ষার ফলাফল এসেছে পজিটিভ, তার নেগেটিভ।
জানা গেছে, নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে বর্তমানে দেশটির লং আইল্যান্ড এলাকার এক হাসপাতালে জনবিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ওই ব্যক্তি নিউইয়র্কে আইটি (তথ্যপ্রযুক্তি) পেশায় কর্মরত।
এর আগে, গত শুক্রবার নিউইয়র্ক শহরে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ৮২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। করোনাভাইরাসে নিউইয়র্কে এটিই প্রথম মৃত্যু খবর। তিনি হাঁপানি রোগে ভুগছিলেন।
নিউইয়র্ক শহরের গভর্নর অ্যান্ড্রু কুওমো ওই নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সম্প্রতি নিউইয়র্ক সিটি হাসপাতালে ওই নারীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (যুক্তরাষ্ট্রের সময়) তার মৃত্যু হয়েছে। তবে করোনাভাইরাসে মৃত্যু হলেও তার দেহে আগে থেকে থাকা শ্বাসকষ্টজনিত রোগের লক্ষণ ছিল।
বার্তাবাজার/এমকে