দুরপাল্লার বাসের ভিতর অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি দুরপাল্লার বাসের ভিতর থেকে থেকে সুটকেসের ভিতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে সেবা গ্রীন লাইনের একটি বাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বাসের হেলপারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল গাবতলী থেকে ছেড়ে এসে নবীনগর বাস স্ট্যান্ডে থামে ওই বাসটি। পরে নবীনগর বাস স্ট্যান্ড থেকে যাত্রী ওঠানো হয়। এসময় একজন যাত্রী একটি কালো রঙ্গের ব্রিফকেস লকারে রেখে গাড়িতে ওঠে।

পরে যাত্রী উঠানো শেষ হলে বিকেল ২.৪৫ মিনিটে গাড়িটি গোপালগঞ্জ নাজিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আজ (শনিবার) গাড়িটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার আগে হেলপার গাড়ির লকার পরিদর্শন করলে ওই ব্রিফকেসটি দেখতে পায়। সে বিষয়টি গাড়ির হেড অফিসে জানালে যে অবস্থায় আছে ওই অবস্থায়ই বাস নিয়ে আসতে বলা হয়।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে বাসটি নবীনগরে পৌঁছলে ওই লকার থেকে দুর্গন্ধ আসতে থাকে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঢাকা জেলার পিবিআইকে খবর দেয়। পরে পিবিআই এর ঢাকা জেলার ইন্সপেক্টর সালাউদ্দিন ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করেন।

নিহতের গোপানাঙ্গে আঘাতের চিহ্ন ও শরীরে ফোসকা রয়েছে এবং মুখে স্কচ টেপ মারা ছিলো। ধারনা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে মরদেহ লুকাতে এমন কৌশল নিয়েছে হত্যাকারী।

এব্যাপারে, আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাসুদ মুন্সী জানান, খবর পেয়ে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহের সুরতহাল করছে পিবিআই। পাশাপাশি সুটকেসসহ সেই যাত্রীর পরিচয় ও তাকে আটকের চেষ্টা চলছে বলেও পিবিআই’র সূত্র নিশ্চিত করেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর